আমাদের দায়, মেটাচ্ছে গাম্বিয়া। মিয়ানমারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্গণের মামলা করছে ছোট্ট দেশ গাম্বিয়া।
আমাদের দায়, মেটাচ্ছে গাম্বিয়া। মিয়ানমারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্গণের মামলা করছে ছোট্ট দেশ গাম্বিয়া। জাতিগত শুদ্ধির নামে মিয়ানমার তার দেশের নাগরিকদের বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণ আর বাস্তুচ্যুত করার নীলনকশা বাস্তবায়ন করছে। এসব অপরাধ আর অনাচারের সব আলামত হাতে পেয়েও আমরা যখন সাত–পাঁচ, চৌদ্দ–সতেরো ভাবছি, তখন পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশ গাম্বিয়া (এ দেশের অনেক পত্রপত্রিকায় আর অনলাইন গণমাধ্যমে অবশ্য দেশটির নাম জাম্বিয়া ছাপা হয়েছে) আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে স্বেচ্ছায় বাদী হবে বলে জানিয়ে দিয়েছে দেশটির সরকার। তারা মিয়ানমারের বিরুদ্ধে মানবতাবিরোধী আর গণহত্যার অভিযোগ করবে। আফ্রিকার মূল ভূখণ্ডে গাম্বিয়ার চেয়ে ছোট দেশ আর নেই। কিন্তু স্বীকার করতে হবে তাদের কলিজা আছে। মাত্র ১০ হাজার ৩৮০ বর্গকিমি আয়তনের প্রায় শুঁয়োপোকার মতো লম্বাটে শরীরের একটা দেশ গাম্বিয়া। যার একদিকে একচিলতে সাগর আর বাকি তিন দিকে বিশাল প্রতিবেশী সেনেগাল। মানচিত্রে দেখলে মনে হবে সেনেগালের পেটের মধ্যে একটা চিকন দেশ ঢুকে আছে। জনসংখ্যা সাতক্ষীরা জেলার মোট জনসংখ্যার চেয়ে কম—কুল্লে ২০ লাখ। কিন্তু তারা প্রমাণ করে দিল গতরে বিপুল ...